বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন,ছাত্রলীগ সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরে নিরাপরাধ মেধাবী ছাত্রদের গ্রেফতার ও নির্যাতন করছে আওয়ামী লীগ সরকার।
তিনি আরও বলেন, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত একটি সোনালী সমাজ প্রতিষ্ঠার লক্ষেই ছাত্রশিবিরের প্রতিষ্ঠা। খোলাফায়ে রাশেদার মত সেই সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে হলে ছাত্র সমাজসহ সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে।
ছাত্রশিবির ঢাকা অঞ্চল দক্ষিণের সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি  সেলিম উদ্দীন ও ড. শফিকুল ইসলাম মাসুদ।
শিবির সভাপতি বলেন,সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ আরও বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজে মধ্যযুগীয় বর্বর কায়দায় প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতা তাওহীদকে হত্যা করেছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কৃষি বিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন নারকীয় বর্বতার পরিচয় দিয়েছে তারা। এরপরও নির্যাতক ছাত্রলীগ সন্ত্রাসীদের লাগাম টেনে ধরা হচ্ছেনা।
শিবির সভাপতি আরও বলেন, বর্তমান সরকারের পক্ষে কোন জনভিত্তি না থাকলেও গায়ের জোরে তারা টিকে থাকতে চাইছে। নিজেদের অপকর্ম ঢাকতে অন্যের উপর দোষ চাপাতে তারা ব্যস্ত। কিন্তু শত চেষ্টা করেও জনসমর্থন শূন্য  এ সরকার বেশী দিন  ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে সেলিম উদ্দীন বলেন, সরকারের জনবিরোধী কাজের ফলে জনমনে যে ক্ষোভ জমেছে, তা দমন-নির্যাতন চালিয়ে বন্ধ করা যাবে না। নির্যাতক শাসকের পরিণাম অতীতে কখনোই ভালো হয়নি, আওয়ামী লীগেরও হবে না। নির্যাতন চালানোর কারণে জনগণ আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরায়ে নিয়েছে। আর জামায়াত-শিবির জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম মাসুদ বলেন, সঠিক নেতৃত্বের অভাবে স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠতে পারে নি। সারা বিশ্বে আজকে নির্যাতিত মানুষের আর্তচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। অশান্ত দুনিয়াতে এখন প্রয়োজন সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব। এক্ষেত্রে ইসলামী আন্দোলনের জনশক্তিদের সেই আলোকে তৈরী হতে হবে।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]