বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, শেখ হাসিনা কোথায় কখন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কেউ জানে না। মুক্তিযুদ্ধে তার কোনো অবদান নেই।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহ মোয়াজ্জেম বলেন, মুক্তিযুদ্ধের সময় একটি গোপন সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ মুজিব পাকিস্তানি জেলে বন্দী হয়েছিলেন। তবে এ কথা অস্বীকার করার কারণ নেই যে যুদ্ধের আগে আল্লাহর পরে বঙ্গবন্ধুকে বাংলার জনগণ মানতো। কিন্তু তিনি কখনো এদেশের স্বাধীনতা চান নি, চেয়েছিলেন স্বায়ত্বশাসন।
স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেননি। দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের স্বামী জিয়াউর রহমান।
তিনি বলেন, ব্রিটিশ সরকার, পাকিস্তানের সামরিক সরকারের চেয়েও কী বর্তমান সরকার বেশি শক্তিশালী? তাদেরকে তাড়াতে পারলে এই আওয়ামী লীগ সরকারকেও তাড়ানো যাবে। এদেরকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। আন্দোলন ছাড়া তাদের নামানোর কোনা পথ নেই।
বিশ্বের বিভিন্ন আন্দোলনে যুব সমাজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যতদিন যুবসমাজ জীবন না দেয় ততোদিন আন্দোলন সফল হয় না।
তাই বর্তমান আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে নামাতে যুব সমাজের প্রতি আহ্বান জানান শাহ মোয়াজ্জেম হোসেন।
আয়োজক সংগঠনের সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংগঠনের সাধারণ সম্পাদ মোখলেছুর রহমান খান ইলিয়াস সাঁই প্রমুখ।
[b]ঢাকা , ৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]