বিএনপি ক্ষমতায় আসলে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ওপর নির্যাতনের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।

সোমবার ঢাকা মহানগর হেফাজতে ইসলাম আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, দেশে বর্তমানে কেউ নিরাপদ নয়। সমাজ বিনির্মাণে যারা কাজ করছে, সেই আলেমরাও আজ সরকারের রোষানল থেকে মুক্ত নয়।

তিনি বলেন, আলেম সমাজকে যে ভাবে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে, তা নব্বই ভাগ মুসলিম অধ্যুষিত কোনো দেশে কল্পনাও করা যায় না। বিশেষত ৫ মে শাপলা চত্বরে রাতের আঁধারে নজিরবিহীন হত্যাযজ্ঞ চালানো হয়েছে।

ঢাকা মহানগর হেফাজতে ইসলাম সভাপতি নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরের সদস্য সচিব জুনায়েদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী, আবুল কালাম, ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম সদস্য সচিব ফজলুল করীম কাসেমী, মহিউদ্দিন ইকরাম প্রমুখ।
ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর