'বড় দুই দলের অপরাজনীতি, অপশাসন ও দুর্নীতির কারনে দুই নেত্রীর হাতে দেশ আজ আর নিরাপদ নয়। এ অবস্থায় তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার এখনই সময়।' সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার আহবান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নাগরিক ঐক্য রংপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মান্না বলেন, ‘দেশজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাস, দলীয়করণ সামাজিক বিশৃংখ্যলা ও সীমাহীন দূর্নীতি। দেশের কোথাও মানুষের জান-মালের নিরাপত্তা নেই। অপরাধীরা রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছে। পুলিশ প্রশাসন তাদের কথার বাইরে যেতে পারে না। ফলে দেশের মানুষ আজ ন্যায় বিচার থেকেও বঞ্চিত হচ্ছে।’
নাগরিক ঐক্যের রংপুর জেলা সমন্বয়ক মোফাখখারুল ইসলাম নবাবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান. গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সাবেক সাংসদ এসএম আকরাম এবং আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও সাবেক ডাকসু ভিপি সুলতান মো: মনসুরসহ স্থানীয় নেতারা।
ইআর





