গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ’কে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ (রোববার) নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।
আগামী মঙ্গলবার (২৬ জুন) গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর দু’দিন আগে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানাল বিএনপি।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে আজ (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এইসব কথা বলেন।
মঈন খান বলেন, “গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা যত সমস্যা। আমরা তাঁর প্রত্যাহারের দাবি জানিয়েছি।”
সংবাদ সম্মেলন শেষে ওই পুলিশ কর্মকর্তার নির্দিষ্ট করে নাম জানতে চাইলে মঈন খান বলেন, “আমরা গাজীপুরের পুলিশ সুপার হারুনের প্রত্যাহারের দাবি জানিয়েছি।”
তিনি আরও বলেন, “গাজীপুরের নির্বাচন যদি নিরপেক্ষ না হয় তাহলে তার প্রভাব সারা দেশে পড়বে এমনকি জাতীয় নির্বাচনেও পড়বে।”
সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। এদিকে ওই পদে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে লড়ছেন জাহাঙ্গীর আলম।
আজ (২৪ জুন) রাত ১২টা পর্যন্ত প্রচার কাজ চালাতে পারবে প্রার্থীরা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবিও।
৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড বিশিষ্ট এ সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭। এরমধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।
এ নির্বাচনে ৭ জন মেয়র পদে, ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমবি





