আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন দেওলিয়া হয়ে যাচ্ছে। দুর্নীতি ও অপরাজনীতির কারণেই তারা ক্রমাগত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মিথ্যা ও অপ-প্রচার করে আবার জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছে।
আজ (০৭ মে) মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সূবর্ণচর ও সদর উপজেলায় ঘূর্ণিঝড় ফনীর আঘাতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ ৩শত পরিবারের মাঝে শুকনো খাবার সহ ত্রাণ সামগ্রী বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে হানিফ এইসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, প্রাকৃতিক দূর্যোগের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে এতে মনোবল হারাবেন না, ধৈর্য্য হারাবেন না। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চিকিৎসারত অবস্থায় আমাদের নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, তিনি যতদিন বেঁচে আছেন ততদিন কেউ না খেয়ে থাকবেন না, ঘরহারা হবেন না। প্রত্যেক পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব ঘর করে দেয়া হবে। কোন মানুষ গৃহহারা থাকবে না, সকলকে পূনর্বাসিত করা হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের সাথে আছে। ঘূর্ণিঝড় ফনীর তান্ডবের সময় প্রধানমন্ত্রী লন্ডনে থেকে সার্বক্ষনিক দেশের খো্জঁ-খবর রেখেছেন এবং সকলকে সমন্বয় করে এর প্রস্তুতি ও পরবর্তি পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন।
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সরকারি কর্মকর্তাদেরকে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার আহ্বান জানান। ত্রান বিতরণে কোন রকম অনিয়ম বা হরিলুট সরকার সহ্য করবে না।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, ত্রান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদারসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগেসকালে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছলে তাদের বরন করেনজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সোহেল/এমবি





