সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের নামে নতুন মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা উপলক্ষে বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার পথে নেতাকর্মীদেরকে ব্যাপক বাঁধা দেয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের ও গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর বিএনপি নেতাদের মধ্যে- সূত্রাপুরের হাজী লিয়াকত আলী, উত্তরা পশ্চিমের আবদুস সালাম, রূপনগরের আবদুস সাত্তার, রিপন, জালাল হাওলাদার, মানিক খান, ফারুক আহমেদ, মোহাম্মদপুরের মাসুদ সর্দার, মিলন খন্দকার, মিলন ঢালী, বিজয় খান, মো. ইবরাহিম, মো. রাশেদ, গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন পালোয়ান’সহ ৫ জন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রিফাত’সহ ৪ জন ও ঘাট শ্রমিক দলনেতা আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ, যুগ্ম সম্পাদক আলী রেজাউর রহমান রিপন, কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন, ওয়ারী থানা যুবদল সভাপতি ইবরাহিম মোল্লা, গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম’সহ ৬০ জন নেতাকর্মীকে বানোয়াট মামলায় আসামী করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তা এখন আকাশচুম্বি।

বিএনপির প্রতি জনগণের ভালবাসা ও ব্যাপক জনসমর্থনে ইর্ষান্বিত হয়ে সরকার এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মন্ত্রী-এমপিদের বেপরোয়া দাম্ভিকতা আরো তীব্র আকার ধারণ করেছে। বিএনপির যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা ও নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে কারান্তরীণ করে আবারও অবৈধ পন্থায় রাষ্ট্রক্ষমতা দখল করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদেরকে গ্রেফতার করে বিএনপির প্রতি মানুষের সমর্থন ও যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিতে জনস্রোতকে ঠেকানো যাবে না। জনগণের মিলিত শক্তি বর্তমান শাসকগোষ্ঠীর সকল চক্রান্ত, অপকৌশল ও ভয়াবহ দু:শাসনকে রুখে দেবে।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।

এমবি