জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মানবতাবিরোধী মামলার আপিল শুনানি থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুজন কেবিনেট মন্ত্রী।

শনিবার রাজধানীর ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সভায় এ আহ্বান জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইমলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন।

মীর কাসেম আলীর আপিল মামলা শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত সংস্থা যে গাফিলতি করেছে এজন্য তাদের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।’

শনিবার ‘একাত্তরের গণহত্যাকারীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার, বিচারবিভাগ ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেমের মামলার আপিল শুনানি পুনরায় করার দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইমলাম।

তিনি বলেন, ‘এই মামলার রায় কী হবে তা প্রধান বিচারপতির প্রকাশ্যে আদালতে বক্তব্যের মধ্য দিয়ে আমি অনুধাবন করতে পেরেছি। তার বক্তব্যের মধ্যে এটা অনুধাবন করেছি যে, এই মামলায় আর মৃত্যুদণ্ডের রায় দেওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘এরপরও যদি মীর কাসেমের মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়- তাহলে সবাই ভাববে, সরকার চাপ দিয়ে এই কাজ করিয়েছে।’

অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধান বিচারপতিকে হয় তার বক্তব্য প্রত্যাহার করতে হবে অথবা আপিল শুনানি থেকে সরে দাঁড়াতে হবে।

এমই