সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবাণীতে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, “ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন খ্যাতিমান আইনজীবী, আইন প্রণেতা ও প্রবীণ রাজনীতিবিদ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।”
তিনি বলেন, “তাঁর ইন্তিকালে জাতি একজন বিদগ্ধ রাজনীতিবিদকে হারাল। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং দলীয় সহকর্মীসহ তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” প্রেস বিজ্ঞপ্তি
সাবেক প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেন।
গত ০২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন মওদুদ। এরপর ১০ মার্চ সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।
এর আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে দুই দফায় মওদুদ আহমদকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তাঁর ফুসফুসে পানি জমে যায়। পরে এভার কেয়ার হাসপাতাল থেকে তাঁকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সিঙ্গাপুরে আছেন স্ত্রী হাসনা মওদুদ আহমেদ।
মওদুদ আহমদ আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি ছিলেন। এরশাদ সরকারের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তবে এর আগে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। জিয়াউর রহমানের শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এমবি





