শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ১৪ দলের সাথে ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও নারী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়াও ওইদিন বিকাল ৪টায় উক্ত স্থানে কেন্দ্রীয় ১৪ দলের সাথে পেশাজীবী সমন্বয় পরিষদ (আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী ইত্যাদি), আলেম-ওলামা-মাশায়েখ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি রোববার ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা, উপজেলা পর্যায়ে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এছাড়াও ৭ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের রাজারমাড় দিঘীর উত্তর পাশে কাশিপুর ফুড প্যালেসের সামনের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি উক্ত কর্মসূচিগুলোতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এমআর/কেএইচ