দেশের গনতন্ত্র এখন মৃতপ্রায় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক বলেছেন, অবৈধ সরকারের আচরনে দেশের জনগণ ক্ষুব্ধ, তাই গণ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে হিউম্যান রাইটস এন্ড ডেভেলাপমেন্ট অরগানাইজেশন আয়োজিত অবরুদ্ধ গণতন্ত্র বিপন্ন মানবতা আজকের প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগই বিকৃত করেছে। তারা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ বলে আখ্যায়িত করে। বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের দোসর বলে অভিহিত করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করেছে।
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে ওসমান ফারুক বলেন, তার বক্তব্যে মনে হয় তিনি (মোবারক) আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নিকৃষ্ট সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরকার দেশের অর্থনীতিকে ধ্বংশ করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বিদ্যুত খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট করে ভাগবাটোয়ারা করে নিয়েছে সরকারের লোকজন। আর এখন এই ক্ষতি পুষিয়ে নিতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন উপজেলা নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
দেশের কারাগারগুলো আজ বিরোধী নেতাকর্মীদের দিয়ে ভরে রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল সেই সব নেতাদের মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে। নেতাদের মুক্ত করতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।
সংগঠনের সভাপতি রমিজ উদ্দীন রুমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, অ্যাডভোকেট সিমকী ইমাম প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১ এপ্রিল(টাইমনিউজবিডি.কম)//এসআর