পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি এড. নাদিম মোস্তফার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে নাদিম মোস্তফা রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক বিশ্বনাথ মন্ডল জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালত থেকে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
গত ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি ভ্যানে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ওই পিকাপ ভ্যানে থাকা ৯ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নগর পুলিশের স্টেপ-১ সদস্য সিদ্ধার্থ সরকার চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
ওই দিন রাতেই এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি এড. নাদিম মোস্তফা, রাজশাহী সিটি মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুসহ ৯০ জনের নাম উল্লেখ করে ১৮ দলের ৪শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]