আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। চলবে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।”

আজ (১১ এপ্রিল) রোববার অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এই কথা বলেন।

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে– জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত।”

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ০৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাতদিনের লকডাউন দিয়েছে সরকার। সোমবার (০৫ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া লকডাউনে ১১টি নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন। এসময় শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

গত বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত দেয় সরকার। রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে ১১ দফা নিষেধাজ্ঞায় সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখার সুযোগ দেওয়া হয়।

এদিকে, করোনার সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে নতুন করে লকডাউন কার্যকর করবে সরকার। এটি হবে কঠোর ও কমপ্লিট লকডাউন। দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। গত ০৯ এপ্রিল (শুক্রবার) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

এমবি