দলীয় একাধিক সূত্র বলছে, নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন পরিচিত মুখকে নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন বর্তমান কমিটির বিভিন্ন পদে থাকা এবং সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের ওপর নির্ভর করছে।
২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ঢাবি ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ পেরিয়ে গেলেও নানা রাজনৈতিক ও সাংগঠনিক কারণে নতুন কমিটি ঘোষণা হয়নি।
এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০১৩-১৪ সেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, গাজী মোহাম্মদ আল-আমীন ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নাম আলোচনায় রয়েছে। ২০১৪-১৫ সেশন থেকে বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলমের নামও গুরুত্ব পাচ্ছে।
এ ছাড়া বিভিন্ন পদে থাকা বজলুর রহমান বিজয়, আবিদুল ইসলাম খান, আবু হায়াত মো. জুলফিকার জেসান, তানভীর হাসান, মাহমুদুল হাসান, আরিফুল ইসলাম, মেহেদী হাসান, সৈয়দ ইমাম হাসান অনিক ও সাইফুল্লাহ সাইফের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।
নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানসহ সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। পাশাপাশি সিন্ডিকেট বা ব্যক্তিকেন্দ্রিক প্রভাবের বাইরে গিয়ে মেধা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হবে।
পদপ্রত্যাশী জসিম খান বলেন, নতুন বাংলাদেশের বাস্তবতায় মেধা, ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সমন্বয়ে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা সাধারণ শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ও নির্ভরযোগ্য হয়ে উঠবেন।
অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কমিটি নিয়ে তাঁর কাছে আনুষ্ঠানিক তথ্য নেই। তবে সংগঠনের গতিশীলতার স্বার্থে নেতৃত্বে পরিবর্তন আসা স্বাভাবিক প্রক্রিয়া।
এমএম