গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মাত্র ৯ দিন আগে এক আওয়ামী লীগ নেতার রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে  হাইকোর্ট ৩ মাসের জন্য নির্বাচন স্থগিতে যে রায় দিয়েছেন সেখানে ‘সরকারের হাত’রয়েছে বলে দাবি করেছেন বিএনপির মেয়র প্রার্থী। 

আজ (রোববার) বিকালে টঙ্গীর আরিচপুরের নিজ বাসভবনে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে হাসান উদ্দিন সরকার এ দাবি করেন।   

ধানের শীষ প্রতীকের প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, “আমি সরকারের এ হেন ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করছি। এখানে সরকারি দলের প্রার্থীর নিশ্চিত ভরাডুবি ছিল। এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনেই সরকার ভীত হয়ে নির্বাচন স্থগিত করেছে। বিএনপির জয় নিশ্চিত জেনেই সরকার এ কাজ করেছে।”

বিএনপির প্রার্থী বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা, সারা জীবন লড়াই করেছি। আমি আবেদন করব নির্বাচন কমিশনের কাছে, অতিসত্ত্বর ১৫ (মে) তারিখেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য।”

“আমরা সব লড়াই চালিয়ে যাব, আইনি লড়াই এবং জনগণের অধিকার আদায়ের লড়াই- লড়াই শেষ হয় নাই।”যোগ করেন হাসান উদ্দিন সরকার।

হাসান সরকারের সংবাদ সম্মেলন চলাকালে সেখানে উপস্থিত নেতাকর্র্মীরা বিভিন্ন স্লোগান দেন। সকাল থেকে বিভিন্ন স্থানে প্রচারণায় থাকায় নেতাকর্মীরাও নির্বাচন স্থগিতের ঘোষণা জেনে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ করেন।

এদিকে নির্বাচন স্থগিতের পর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানাননি।  

এমবি