আমাদের নেত্রী শেখ হাসিনা খাঁটি মুসলমান। নামাজের সময় হলেই তিনি নামাজ পড়েন এবং আমাদেরকেও নামাজ পড়তে বলেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি’র আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের নেত্রীর (শেখ হাসিনা)চেহারা দেখুন আর অন্যান্য দলের নেতা-নেত্রীদের চেহারা দেখুন। কার চেহারা ও লেবাসে ইসলামী ভাব আছে?
তিনি বলেন,বিএনপি নেতারা  ধর্মীয় সংখ্যালঘুদের শত্রু মনে করে বলেই ভোটের আগে তাদের উপর হামলা চালায়। তাদের ভয়ভীতি দেখায়।
যারা নারায়ে তাকবির বলে মানুষ হত্যাকরে তাদেরকে আগামীতে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এ মন্ত্রী।
সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুজ্জামান প্রমুখ।
ঢাকা, এমআর, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)