প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। এখন তাদের নিজেদের মধ্যেই সমস্যা। আমাদের এসব নিয়ে আনন্দ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম '৭১ এর ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, আদালতের একটি রায়ই আওয়ামী লীগকে এক্সরে করে নাড়িভুড়ি বের করে দিয়েছে। জনগণ আওয়ামী লীগের নাড়িভুড়ি দেখে ফেলেছে। তারা এখন আইসিইউতে আছে কিনা জানি না, তবে একথা বলতে পারি শেখ হাসিনা ও তার সরকার এখন পুরোপুরি বেকাদায়।
রায় নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ রিভিউ আবেদন করতে পারে। কিন্তু তা না করে মাঠের ভাষায় আদালত নিয়ে কথা বলছে তারা। মন্ত্রী-এমপিরা প্রতিদিন রাস্তা ঘাটে যেসব শব্দ ব্যবহার করছে তা কোন আইনের ভাষা নয়। এতে বুঝা যায় তারা সুপ্রিম কোর্টের রায়কেও তোয়াক্কা করে না।
আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক সাংসদ সৈয়দ আসিফা আশরাফ পাপিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
এমবি





