বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভোটের দিন সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতে। এ ছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে কেন্দ্র দখল করে সরকারি দল জাল ভোটের মহোৎসব চালিয়েছে বলে অভিযোগ করেন।

আজ সোমবার দেশব্যাপী ইউপি নির্বাচনে সরকারি দলের ভোটকেন্দ্র দখলের প্রতিবাদে বিএনপির নয়াপল্টন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, তৃতীয় দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। জাল ভোট প্রদান ও অনিয়মের অভিযোগে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আপনারা দেখেছেন- গুলি, বোমা বিস্ফোরণ, কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লাইন ধরে নৌকা প্রতীকে সিল মারা, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোটের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আওয়ামী শেষ করল।

বিএনপির এই নেতা আরো বলেন, এখন দেশজুড়ে চলছে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র তাণ্ডব। সারা দেশেই এখন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চলছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

এমবি