নির্বাচন কমিশনের (ইসি) কাছে সিটি করপোরেশন নির্বাচনসংক্রান্ত কিছু বিষয় তুলে ধরার চিন্তা করছে বিএনপি-সমর্থক বিভিন্ন পেশাজীবীদের সংগঠন ‘শত নাগরিক’।
আজ মঙ্গলবার সন্ধ্যায় কমিটির এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, সরাসরি বিএনপির পক্ষ না নিয়ে নাগরিক সমাজের হয়ে নির্বাচন কমিশনের কাছে যেতে চায় ‘শত নাগরিক’ কমিটি। তবে তাঁরা বিএনপির উদ্বেগের যে বিষয়গুলো আছে, বস্তুত সেগুলোই তুলে ধরবেন।
হঠাৎ করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল দেওয়ার কারণ, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের নামে মামলা, গ্রেপ্তার-হয়রানি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কমিশনের করণীয়-এসব বিষয় তুলে ধরবে এই সংগঠন। কয়েক দিনের মধ্যে তাঁরা নির্বাচন কমিশনের কাছে যাওয়ার চিন্তা করছেন।
‘শত নাগরিক’-এর আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীনের বাসায় আজ সন্ধ্যায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জানতে চাইলে অবশ্য ‘শত নাগরিক’-এর সাধারণ সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, তাঁরা প্রতি সপ্তাহেই বৈঠক করেন। আজকের বৈঠকও ছিল নিয়মিত বৈঠকের অংশ।
প্রসঙ্গক্রমে বৈঠকে নির্বাচনের বিষয়টিও এসেছে। কিছু কথাবার্তা হয়েছে। কিন্তু সবকিছু নির্ভর করছে অনেকগুলো ‘যদি’ আর ‘কিন্তু’র ওপর।
সূত্র জানায়, বিএনপিপন্থী বিশিষ্ট নাগরিকদের সামনে রেখে একটি মঞ্চ তৈরি করে নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে এ নিয়ে ‘শত নাগরিক’-এর কারও কারও অবস্থান ভিন্ন।
তাঁরা সরাসরি বিএনপির হয়ে কাজ করতে অনাগ্রহী। আবার কেউ কেউ আলাদা মঞ্চ না করে ‘শত নাগরিক’ব্যানারেই কাজ করার পক্ষে।
এ ছাড়া আজ গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন আসার পর গোয়েন্দা তৎপরতা দেখেও কেউ কেউ ভীত হয়েছেন।
এসএইচ





