নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকাণ্ডের শিকার প্যানেল মেয়র নজরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা সোয়া ১২টায় নারায়ণগঞ্জের মিজমিজি এলাকার মৌচাক মাদ্রাসা রোডে বুকসগার্ডেনে নজরুল ইসলামের বাসায় পৌঁছান তিনি।
বেগম জিয়া নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে সান্তনা দেন। এসময় আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম, নজরুল ইসলামের ছোট ভাই আবদুস সালাম ও পরিবারের অন্যান্য সদস্যরা।
এসময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ, ডা. এ জে এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সিনিয়র সহসভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সহসভাপতি বদরুজ্জামান খসরু, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি আব্দুল হাই রাজু প্রমুখ।
এর আগে মঙ্গলবার সকাল সোয়া ১১টায় খালেদা জিয়া গুলশানের বাসা হতে নারায়ণগঞ্জের দিকে রওনা দেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা আদালত থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নজরুল ইসলাম ছাড়াও তার প্রাইভেটকারচালক জাহাঙ্গীর, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, অ্যাডভোকেট চন্দন সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম। এরপর নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর আগে বেগম জিয়া ১৪ মে সেখানে যাওয়ার কথা থাকলেও ঐদিন প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত পরিবারের দেখা করার সময়সূচি ঠিক করা হয়। পরে খালেদার  নারায়ণগঞ্জের সময় পরিবর্তন করে ১৩ মে নির্ধারন করা হয়। যদিও ১২মে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিহত সাত পরিবারের সদস্যরা সাক্ষাত করেছেন।
উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। ওই দিন সন্ধ্যায় গাজীপুর থেকে অপহৃত নজরুলের গাড়ি উদ্ধার করা হয়। এরপর ৩০ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে মিলে অপহৃতদের ভাসমান লাশ।
[b]ঢাকা, এমএইচ,  ১৩ মে(টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]