বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন দুটোই অবৈধ এবং সেই বিবেচনায় বিএনপি অবৈধ দল হিসেবে পরিগণিত হতে পারে। বিচারপতি খায়রুল হক অবসরে যাওয়ার আগেই এই রায় দেন।

হানিফ প্রধান বিচারপতির মন্তব্য সম্পর্কে বলেন, প্রধান বিচারপতি বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় দেওয়ার ট্র্যাডিশনটা খুব যুক্তিযুক্ত নয় বলেই এই মন্তব্য করেছেন। কিন্তু তার মানে তার দেওয়া রায়টা অযৌক্তিক তা তিনি বলেননি। হানিফ বলেন, বিএনপি যদি এই সুযোগ নিয়ে নানান বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ধূম্রজাল তৈরি করে তাতে কোনো লাভ হবে না।

শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলামের বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিভিন্ন সময় বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে যাচ্ছে। ইতিমধ্যে উচ্চতর আদালতের রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ অবৈধ বলে প্রমাণিত হয়েছে।

সিঙ্গাপুর থেকে শ্রমিক ফেরত পাঠানো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, সিঙ্গাপুর সরকার যে ২৬ জনকে ফেরত পাঠিয়েছে তারা বাংলাদেশ সরকারের নজরদারিতে রয়েছে। তিনি বলেন, এই ২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রায় এক মাস পরে সিঙ্গাপুর সরকার প্রতিবেদনটি পাঠান। এদের বিষয় সরকার তদন্ত করছে, তদন্ত শেষে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএম