অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান ও গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার লাশ জাতীয় সংসদ ভবনে পৌঁছেছে।

আজ (০৭ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার মরদেহবাহী গাড়িটি পৌঁছায়।

পরে দক্ষিণ প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত মঞ্চে মরদেহের কফিনটি রাখা হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে আজ (০৭ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বাংলাদেশ সময় গতকাল (বুধবার) সকালে খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে তার পরিবার।

মরদেহ আসার পর ঢাকায় চার দফা জানাজা ও কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন একাত্তরে রণাঙ্গনের এই বীর গেরিলা যোদ্ধা।

সাদেক হোসেন খোকার মৃত্যুতে গতকাল সারাদেশে শোক কর্মসূচি পালন করেছে বিএনপি। এ উপলক্ষ্যে সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং সব কার্যালয়ে কোরআনখানি অনুষ্ঠিত হয়।

এমবি