শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ১৯৭১ সালের পরাজিতরাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে।

সোমবার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালায় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ‌‌‌'বাঙালীর ‌হৃদয়ের ফ্রেমে জাতির পিতা' শীর্ষক চিত্রপ্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে যুবলীগ।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকে বলেন- কিছু বিপদগামী সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। এ তথ্য ভুল। মূলত, ৭১ এর পরাজিত শক্তিই প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জিয়া ও মুশতাক খুনীদের সহায়তা করেছে।

তিনি বলেন, যারা ধর্মের দোহাই দেয় তারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মাদরাসা বন্ধ হয়ে যাবে। তাদের সময়ে (বিএনপি-জামায়াত আমল) সারাদেশের কোথাও একটা মাদরাসা ভবন নির্মাণ করা হয়নি।

আর আমরা (আওয়ামী লীগ) ক্ষমতায় আসার পর থেকে (২০০৯) এখন পর্যন্ত এক হাজার তিনশ' মাদারাসা ভবন নির্মাণ করেছি। মাদরাসা শিক্ষায় আমরা যতটুকু উন্নয়ন করেছি, আলেমরা একশ' বছরেও এটা করতে পারেনি। আমরা শত বাধা-বিপত্তির মাঝেও সারাদেশে যথাসময়ে বিনামূল্যে বই পৌছে দিয়েছি।

এসময় তিনি যুবলীগের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। যুবলীগকে এর নেতৃত্ব দিতে হবে। যুবকদের যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিয়াউর রহমান প্রমুখ।

এআই