আগামী কয়েক দিনের মধ্যেই টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন দলীয় এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
তিনি জানান,সভার শুরুতে দলীয় সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী ১০ জনের সাক্ষাত্কার গ্রহণ করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে আজ (বুধবার) বিকাল ৫ টা পর্যন্ত টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। দলীয় মনোনয়ন চেয়ে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ শওকত মোমেন শাজাহান গত ২০ জানুয়ারি মারা যান। তাঁর মৃত্যুতে এই সংসদীয় আসনটি শূন্য হয়।
আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ আসনের এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. আলাউদ্দিন, সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]