ভোটারবিহীন অবৈধ প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ভয় দেশের জনগণ এমন মন্তব্য করে বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশে মানুষের নাগরিক স্বাধীনতা নির্ভর করে শেখ হাসিনার করুণার ওপর।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাই জনগণের মনে ভীতি সৃষ্টির জন্য সরকারের এমন কোনো দমনমূলক পন্থা নেই যা তারা অবলম্বন করছে না। প্রধানমন্ত্রী তার নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নিদ্রাহীন প্রহরে প্রহরে পীড়ণ পেষণের এমন কোনো অস্ত্র নেই যা তিনি জনগণের ওপর প্রয়োগ করছেন না।

রিজভী বলেন, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের অমানবিক কর্মকান্ডে সারাদেশে এক ভয়ংকর ভীতিকর আতংক চলছে। এরই ধারাবাহিকতায় ক্ষমতাসীন হওয়ার পর থেকে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলসহ ছাত্রলীগের হাতে ৪বছরেই খুন হয়েছেন ২৬ জন। যুবলীগের দখল আর টেন্ডারবাজিতে চট্টগ্রামে শিশুসহ সারা বাংলাদেশের বিভিন্ন জনপদে প্রতিদিনই মানুষ খুন হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, এদেশে কারো সত্যি কথা বলার অধিকার নেই। রূদ্র শাসনের তপ্তপ্রবাহ নির্মমভাবে নির্বিচারে নেমে এসেছে এদেশের জনগণের পিঠে। অব্যাহতভাবে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, জালিয়াতী, চোরাকারবারী, মজুতদারীদের বিরুদ্ধে কথা বললে ভয়ংকর রাজরোষ পতিত হয় সমালোচকদের ওপর। সেটি গণমাধ্যমই হোক, কিংবা বিরোধী দলের নেতা-কর্মীই হোক।

তিনি বলেন, চারিদিকে ক্ষমতাসীন শকুন হায়েনার জয়জয়কারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত কন্ঠস্বর প্রবল বেগে তাদের বিরুদ্ধে ধাবিত হচ্ছে। এই রক্তপিপাসুদের পতন অনিবার্য। ভোটারবিহীন সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একগুঁয়েমি ও নিষ্ঠুরতার কারণে বাংলাদেশের রাজনৈতিক ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় হয়ে উঠবেনা। জনগণের প্রবল আন্দোলনের বাঁধভাঙ্গা জোয়ারেই এই অবৈধ সরকারের পতন নিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, যুব দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।

এমএইচ