বিএনপি’র তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
আজ (১১ আগস্ট) দুপুরে মাহমুদা হাবিবার ছোটভাই আসিফ আবদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন।
আসিফ আবদুল্লাহ জানান, শুক্রবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে সড়কপথে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তার বোন মাহমুদা হাবিবা ও তার ভগ্নিপতি কামাল আহমেদ। দুপুর দেড়টা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এরপর থেকে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আসিফ অভিযোগ করে বলেন, “শুক্রবার দিনগত রাত ১২টার দিকে আমরা জানতে পারি, মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে র্যাব-৪ এ আটক রাখা হয়েছে। যদিও ঘটনাস্থলে গেলে আমাদের কাছে তারা স্বীকার করেনি। এরপর আমার বড় ভাই উত্তরায় থানায় জিডি করতে গেলেও জিডি নেওয়া হয়নি।”
তিনি আরও জানান, তার বোন রাজনীতিতে যুক্ত থাকলেও ভগ্নিপতি কামাল আহমেদ রাজনীতি করেন না। তিনি গার্মেন্টস ব্যবসায়ী।
র্যাব-৪’র অপারেশন্স অফিসার এএসপি সাজিদুল ইসলাম বলেন, “আটকের বিষয়ে আমি এখনও কিছু জানি না।”
উত্তরা মডেল থানার ডিউটি অফিসার এসআই সুজন জানান, “এমন নামের কেউ আমাদের কাছে আটক বা গ্রেফতার নেই।”
এমবি





