হত্যাচেষ্টা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত -১ এর বিচারক বিশ্বনাথ মন্ডল জামিন  নামঞ্জুর করে এ আদেশ দেন।
বেলা সাড়ে ১২টার দিকে মিনু রাজশাহী মহানগর মুখ্য হাকিমের আদালত-২ উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এসময় আদালতের বিচারক ওই আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর পরপরই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।
আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন, এডভোকেট কামরুল মনীর, এডভোকেট মাইনুল আহসান পান্নাসহ বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী।
এদিকে, এ ঘটনার পর আদালত চত্বরে উপস্থিত নেতারা-কর্মীরা অবিলম্বে মিনুসহ গ্রেফতার সকল নেতা-কর্মীদের মুক্তি দাবিতে বিক্ষোভ করেন।  
বোয়লিয়া থানা পুলিশ জানায়, গত ২০১১ সালের ৪ জুন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরীর ভুবন মোহন পার্ক থেকে ২৫০-৩০০ বিএনপি ও জামায়াত-শিবিরকর্মী মিছিল বের করেন। এসময় মিছিলকারীরা পুলিশের ওপর বিক্ষিপ্তভাবে হামলা চালায়। তাদের হামলায় পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান আহত হন।
মিছিল থেকে ছোঁড়া গুলিতে বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) খাঁন মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। এরপর বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা সাহেব বাজার এলাকায় ভাঙচুর চালায়। এ ঘটনায় মামলা করেছিলেন থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।
হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় চার্জশিটে মিজানুর রহমান মিনু, বিএনপি কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনসহ ১৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই