ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দাবিটি যেমন উচিত তেমনি যৌক্তিক। বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগ প্রতিষ্ঠা হলে ভুলুয়া-মহুয়ার স্মৃতিবিজড়িত অঞ্চলটি বিভাগের মর্যাদা পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দেশের বৃহতম অবিভক্ত ময়মনসিংহ জেলার ২২৭ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহ দিবস-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, পুলিশের বিশেষ এসপি আবদুল কাহহার আকন্দ, ময়মনসিংহ দিবস উদযাপন সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. ইউসুফ, সদস্য সচিব রাশেদুল হাসান শেলী ও আশরাফুল হক জর্জ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, বাংলাদেশে একটি মাত্র শহরকেন্দ্রিক দেশ। ঢাকা নগরী হলো সেই শহর।
তিনি বলেন, দেশের সকল কার্যক্রমের প্রাণকেন্দ্র হলো ঢাকা। সে জন্য এখানে ময়মনসিংহ দিবস পালিত হচ্ছে।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ময়মনসিংহ দিবস-২০১৪ পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল ময়মনসিংহ দিবস উপলক্ষে শোভাযাত্রা, বর্ণিল বেলুন উড়ানো, ২২৭ পাউন্ডের কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী জেয়াফতের (খাবার পরিবেশন) আয়োজন।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]