জাতীয় কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে  প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া বলেন, স্বাধীনতার মাস মার্চে এ কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, আমি সেই শহীদদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

খালেদা জিয়া বলেন, বিএনপির জাতীয় কাউন্সিল থেকে শ্রদ্ধা জানাচ্ছি বীল মুক্তিযোদ্ধাদের প্রতি। আমাদের মুক্তিযুদ্ধে নিকট প্রতিবেশী ভারতসহ যে সকল দেশ ও বন্ধুপ্রতিম জনগণ সহযোগিতা ও সমর্থন দিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, শেরেবাংলা একে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানসহ মরহুম জাতীয় নেতাদের অবদানের কথা স্মরণ করছি। তাঁরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন।

বেগম জিয়া এর সাথে আরও যুক্ত করে বলেন, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের বীর অধিনায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ও আদর্শের দিশারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়। সঞ্চালনায় ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অতিথিদের মধ্যে ছিলেন- বিকল্পধারা প্রেসিডেন্ট ড. একিউএম বদরুদ্দোজ্জা চৌধুরী, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, শফিক রেহমান, শিক্ষাবিদ মাহবুব উল্লাহ, গণস্থাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখযোগ্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতে ইসলামীর তাসনিম আহমেদ, জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থসহ জোটের অন্যান্য নেতারা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিদেশি ডেলিগেট ও কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

 

এমআইএস।