বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দাবি করেছেন, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে এ সরকারের ক্ষমতারোহন সমর্থন করে না ভারত। এজন্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘বিরোধী দলকে সহ্য করতে না পারলে গণতন্ত্র টেকে না।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
‘ভারতীয় রাজনীতিতে পরিবর্তন: দক্ষিণ এশিয়ায় এর প্রভাব’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘ফ্রি থিংকারস ফোরাম’।
ব্যারিস্টার রফিকুল বলেন, ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এ সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের ৫ জানুয়ারির নির্বাচন সমর্থন করত না। কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা গণতন্ত্র চর্চা করে এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করে।
দেশ দুর্নীতি ও দু:শাসনে নিমজ্জিত দাবি করে ব্যারিস্টার রফিকুল বলেন, দুর্নীতি আর দু:শাসন দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে উন্নয়ন আর উৎপাদনের দিকে কোনো নজর নেই। পিয়াজ-আদা ভারত থেকে না আসলে আমরা সংকটে পড়ে যাই। অথচ এর উৎপাদনে কোনো নজর নেই।
দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ব্যারিষ্টার হায়দার আলী, বিএনপি নেতা আবু নাছের মো: রহমতুল্লাহ প্রমুখ।
ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





