২০দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত নাটোর। শনিবার বিকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ২০দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন তিনি।
এ উপলক্ষে পুরো নাটোরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলার অন্যান্য নেতারা জনসমাবেশস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে সমাবেশের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
এর আগে সকাল ১১টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জনসভার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও নাটোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাটোর সব সময় এ অঞ্চলের রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এসেছে। তাই বিএনপি চেয়ারপারসনের নাটোরের এ জনসভাতেই আগামী দিনের রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন বলে আশা করা হচ্ছে।
এতে আরও জানানো হয়, জনসমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে এবং তাতে করে এ জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়ে স্মারণকালের সবচাইতে বড় সমাবেশে রূপ নিবে।
বিএনপি চেয়ারপারসন ও ২০দলীয় জোটের সব শীর্ষ নেতাদেরকে স্বাগত জানাতে এরই মধ্যে মহাসড়কের দুই পাশে রঙ্গীন বাতি, কাপড়, জাতীয় ও দলীয় পতাকা ছাড়াও লাল সবুজসহ নানা রংয়ের পতাকায় এবং ডিজিটাল ব্যানার ছবি আর তোরণের বর্ণিল ভাবে সাজানো হয়েছে।
খালেদার বক্তব্য যাতে নির্বিঘ্নে মানুষ শুনতে পারে জন্য এরইমধ্যেই ঢাকার একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান থেকে দু’শতাধিক মাইক এনে মাঠ ও শহর জুড়ে লাগানো হয়েছে। তৈরি করা হয়েছে ৬০ ফুট প্রস্থ ও ৪০ ফুট দৈর্ঘের সুবিশাল মঞ্চ। শনিবার বিকাল তিনটার মধ্যেই বিএনপি চেয়ারপারসনের জনসভা মঞ্চে আসবেন।
এসময় দুলু জানান, কোনো বিদেশি মেহমানকে যেভাবে রাষ্টীয় সম্মান দেওয়া হয়, তেমনি স্মরণকালের সবচাইতে জাকজমকপূর্ণ ভাবে নাটোর শহরকে সাজানো হয়েছে। এর আগে কোনো শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রীকে এতটা জাকজমক ভাবে স্বাগত জানানোর নজির নাটোরে নেই।
২০দলীয় জোট সূত্রে জানা গেছে, সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বিজিপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধান, কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইব্রাহিম বীরপ্রতিক, এলডিপির কর্নেল অলি আহম্মেদ, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মওলানা ইসহাক, জাতীয় পার্টির (কাজি জাফর) মোস্তফা জামাল হায়দার, এনডিপির খন্দকার গোলাম মতুর্জা, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পাটির মোস্তফিজুর রহমান ইরান, ন্যাপের জেবেল রহমান গণি, সাম্যবাদী দলের সাইদ আহমেদসহ ২০দলের জাতীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
কেএইচ





