বিএনপি নির্বাচনে না এলেও সময় মতো নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নিজেদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে বিএনপির নির্বাচনে আসার বিকল্প নেই।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয় পাবে বলে আমরা শতভাগ আশাবাদী।

শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতি শিগগরই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে। প্রত্যাবসন শেষ না হওয়া পর্যন্ত আশ্রিত রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার।

এসময় সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এমপি আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম, সদস্য রাশেদুল ইসলাম, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গণিসহ জেলা ও উপজেলার নেতরা উপস্থিত ছিলেন।

এমআর