ইসির সঙ্গে সংলাপ, যেসব প্রস্তাব দিতে পারে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা আর মতামত জানাবে দলটি।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কী কী বিষয়ে কথা বলবেন জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংসদ বিলুপ্তি, সহায়ক সরকার, নির্বাচনে সেনা মোতায়েন, নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে আলোচনা করা হবে।
মির্জা ফখরুল বলেন, ‘ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে বর্তমান সংসদ বিলুপ্তির কথা বলা হবে। আর নির্বাচনে সেনা মোতায়েন চাওয়া হবে। এসব ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে বিএনপি।
আরপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। আশা করি ইসি বিএনপির দাবিগুলো মেনে নিয়ে সে অনুযায়ী পরিবেশ সৃষ্টি করবে।’
আগামীকাল রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ হওয়ার কথা রয়েছে।
বিএনপির প্রতিনিধিদলে অন্তত ১৬ সদস্য থাকবেন বলে দলের একাধিক নেতা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সংলাপে অংশ নিতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব আবদুল হালিম, ক্যাপ্টেন সুজাউদ্দিন, সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।
আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করবে ইসি। এ ছাড়া ১৬ অক্টোবর বেলা ১১টায় কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকেল ৩টায় বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ১৯ অক্টোবর বেলা ১১টায় জাতীয় পার্টি (জেপি) ও বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে গত জুলাইয়ে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। এরই ধারাবাহিকতায় আগামীকাল বিএনপির সঙ্গে সংলাপ শুরু হতে যাচ্ছে।
এএস





