নির্বাচনের রায় নিয়ে অনিয়ম হলে চূড়ান্ত কর্মসূচি ঘোষণায় বিলম্ব হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মার খাওয়ার দিন শেষ। এখন প্রত্যাঘাতের সময়।
আজ (শনিবার) বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য চতুর্থ দফা উপজেলা নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে এ কথা বলেন তিনি।
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন উপজেলায় সরকার দলীয় ‘ক্যাডাররা’ সশস্ত্র মহরা দিচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেললে আমরা হাত গুটিয়ে বসে থাকব না বলেও সরকারকে সতর্ক করে দেন রিজভী।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, “অতন্দ্র প্রহরীর মতো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। র‌্যাব, পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা কেন্দ্র দখল করতে এলে, চূড়ান্ত প্রতিরোধ করতে হবে।”
তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনে সহিংসতা দমনে নির্বাচন কমিশন ব্যর্থ নয়, বরং সহিংসতা উৎপাদনে নির্বাচন কমিশন যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিচ্ছে।  
রিজভী অভিযোগ করেন, ‘সরকার নিজস্ব প্রার্থীদের বিজয়ী করতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এসব ব্যাপারে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।'
নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে তিনি বলেন, চাকরি বাঁচাতে জনগণের রায়কে পরিবর্তন করে দেবেন না। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না রাখলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।
ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, আবদুল লতিফ জনি প্রমুখ।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]