আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
২০০২ সালে আওয়ামী লীগের ১৭তম কাউন্সিলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। এর আগে টেকনোক্রেট কোটায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
নওগাঁ-৫ আসনের ৪ বারের সংসদ সদস্য আব্দুল জলিল আমৃত্যু ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান।
১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু। পরে নওগাঁ কে ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে ভর্তি হন রাজশাহী কলেজে। সেখানে তিনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন। ১৯৬০ সালে আব্দুল জলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
১৯৬৩ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং ১৯৬৪ সালে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা করতে লন্ডনে যান। কিন্তু পড়াশোনা শেষ না করেই তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় দেশে ফিরে আসতে বাধ্য হন। পরে তিনি স্থানীয়ভাবে নওগাঁয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর আব্দুল জলিল ১৯৭৩ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ১৯৮৬,২০০১ ও ২০০৮ সালে নওগাঁ-৫ (সদর) আসন থেকে সংসদ নির্বাচিত হন।
ঢাকা, ৬মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর