জনগণকে জিম্মি রেখে বৃহৎ সিলিন্ডার ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সরকার আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকা সত্তেও সরকার তেলের দাম না কমিয়ে দেশবিনাশী ঋণ ও দুর্নীতি নির্ভর প্রকল্পে অর্থযোগানে তেল বেচা অর্থ ব্যবহার করছে। একই কারণে আবারও গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে "গ্যাসের মূল্য বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবীতে" বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত মানবন্ধনে বক্তারা এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া ২৮ ফেব্রুয়ারি সিপিবি-বাসদ ৯ বাম দলের ডাকা রাজধানীতে অর্ধদিবস হরতালের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বলেছেন, চলমান সীমাহীন লুটপাটের বোঝা দেশের জনগণের কাঁধে চাপাতে সরকারের দুর্নীতি ও ভুল নীতির ফলে জ্বালানি খাতে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার পাঁচ বারে গ্যাসের মূল্য পাঁচ গুণ বাড়িয়েছে ।
সভাপতির বক্তব্যে মোঃ শহীদুননবী ডাবলু বলেছেন, যেহেতু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই তাদের মানুষের ওপর দরদ নেই। সত্যিকার অর্থে গণতন্ত্রহীন দেশে বন্দুকের জোড়ে যেন জুলুমের শাসন চলছে।তিনি অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবী জানান তিনি।
ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা মহানগর বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মোঃ ফরিদউদ্দিন, সাবেক ছাত্র নেতা কাজী মনিরুজ্জামান মনির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রাকিবুল ইসলাম রিপন, ন্যাপ সম্পাদক মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।
নাজিব





