বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে একটি সহায়ক সরকার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচনের সাহস নেই। কারণ নিরপেক্ষ নির্বাচন করতে গেলে তারা সেভাবে সুবিধা করতে পারবে না। ক্ষমতা তাদের হাতে থাকবে না। তাই ক্ষমতা স্থায়ী করতে সংবিধানের অযুহাত দিচ্ছে। সংবিধান তো কোনো বাইবেল না, সংবিধান মানুষের তৈরি।

আজ শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মতো আমরা রাজনৈতিক দলগুলো যদি একতাবদ্ধ হতে পারি তাহলে সেটি পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ ২০১৪ সালের মতো নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। আমরা সব সময় বলেছি আমরা নির্বাচন করতে চাই। অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি নির্বাচনের মধ্য দিয়ে। তাই নির্বাচন করতে গেলে একটি পরিবেশ তৈরি করতে হবে।

ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার ছুরিকাঘাতে সেচ্ছাসেবকলীগ নেতা খুন হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচারের দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন লাল, সদর উপজেলা সম্পাদক আব্দুর হামিদ, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, ছাত্রদল সভাপতি কায়েস চৌধুরী প্রমুখ।

এমবি