দেশে গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। সেজন্য সকলকে দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে এমন মন্তব্য করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন এলাকায় বিএনপির এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সব স্তম্ভকে ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা না করলে দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ফখরুল।

তিনি আরো বলেন, আজকের উগ্রবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা সবকিছুর মূল হচ্ছে- গণতন্ত্রকে সঙ্কুচিত করা ও বিরোধী মতকে সহ্য করতে না পারা।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, নির্বাচনের জন্য যাদের আলাদা প্রস্তুতি নিতে হয় না। ১৯৯১ সালে বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছিলেন যে, বিএনপি ১০-১১টি আসনে প্রার্থী দিতে পারবে। অথচ দেখা গেল, বিএনপি সরকার গঠন করেছে।

পথসভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহ-সভাপতি মির্জা ফয়সল আমীন, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, আনসারুল ইসলামসহ অনেকে।

পথসভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নে ইউপি নির্বাচনে সংহিসতায় এলাকা পরিদর্শন ও আহতদের দেখতে যান। বিকাল ৪টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন ।

এমবি