‘আবার দেশকে অস্থিতিশীল ও অশান্ত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “দেশে গণঅভ্যুত্থান করার দুঃস্বপ্ন দেখে লাভ নাই।”
আজ (রোববার) রাজধানীর তেজগাঁও ট্রাক টারমিনালে নিরাপদ সড়ক দিবস ২০১৭ উদযাপন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, “বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দেওয়ার নামে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অচল করে দিয়েছেন। ত্রাণ দিয়ে আবার সড়ক পথে ঢাকায় ফিরবেন। এটা তো বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা।”
সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, “দেশের জনগণ চাইলেই পরিবর্তন হবে। তার আগে গণঅভ্যুত্থান করে জনপ্রিয় শেখ হাসিনাকে হটাবেন, তা দুঃস্বপ্নের নামান্তর, তা দেখে লাভ নেই। তারা সকাল বিকাল স্বপ্ন দেখে আবার সেই স্বপ্ন সকাল বিকাল পরিবর্তন করে। কখনো বেগম জিয়া কাঁদে, কখনো ফখরুল কাঁদে। কান্নাকাটি ও প্রেসব্রিফিং করে মানুষের হৃদয় জয় করা যাবে না।”
খালেদা জিয়া চিকিৎসা অসম্পূর্ণ রেখে দেশে ফিরে এসেছেন বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, “এ অসুস্থ নেত্রী গতকাল সড়কপথে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন। সেখানে আপনাদের কর্মসূচি ঠিক নেই। আজ সকালেও সাড়ে তিন ঘণ্টা লেট করে সাড়ে ১২টায় কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। এটাই অসুস্থতার লক্ষণ। এ বয়সে শরীর তো চলতে হবে। জোর করে আজকে আপনি যাচ্ছেন।”
সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক প্রমুখ।
এমবি





