আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বন করে যাচ্ছে। তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার, গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে। তাদের এ মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস।”
বুধবার (১৭ জুন) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, করোনার নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয়। এই চক্রকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, “দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট। অনিয়মকারীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনও প্রশ্রয় নেই। ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে যেমনি কঠোরভাবে শাস্তি দেওয়া হয়েছে তেমনি চিকিৎসা সরঞ্জাম অনিয়মের বিরুদ্ধেও সরকার শূন্য সহিষ্ণুতা বজায় রাখবে।”
করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “ধুলোজমা মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়াতে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কাদের বলেন, “এখনও ভিড়ে, জটলায়, বাজারে, কর্মস্থলে অনেকে মাস্ক ব্যবহার করে না, অনেকে সংক্রমণও গোপন করছেন। এ শৈথিল্য,অবহেলা সর্বগ্রাসী করোনার কাছে নিজেকে এবং আশপাশের সবাইকে নিয়ে আত্মসমর্পণের শামিল।”
সেতুমন্ত্রী বলেন, “সরকার নতুন করে সংক্রমিত এলাকার ম্যাপিং এর মাধ্যমে লাল, হলুদ এবং সবুজ জোন করতে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর, সিটি করপোরেশন, ডিএমপিসহ সংশ্লিষ্ট সব দফতর ও কর্তৃপক্ষের মাঝে সুসমন্বয় গড়ে তুলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”
সরকারের নতুন সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এমবি





