পাপিয়ার পরিচয় যা-ই হোক, তার পাপের বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, “অপরাধী অপরাধ করে পার পায় না, এটা আমরা প্রমাণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে, যেখানে অপরাধীকে পাবে, আইনশৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে আটক নরসিংদী যুব মহিলা লীগের (সদ্য বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে নিয়ে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের এই কথা বলেন।
কাদের বলেন, “তাঁর (পাপিয়া) বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দল থেকে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই ধরনের যদি আরো অপরাধী থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে। আমাদের সরকার অপরাধীদের প্রশ্রয় দেয় না।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ রেহাই পাবে না। এই অপরাধের সঙ্গে জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে এবং আদালত স্বাধীনভাবে তাদের বিচার করবে।”
এই ঘটনা সরকার জানত কি-না? এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, “আমরা যখনই জেনেছি, তখনই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার আগে থেকে জানত না।”
গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়ার স্বামী মফিজুর রহমান (৩৮) ও ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকারকে (২৯) গ্রেফতার করা হয়। এরপরে তাঁদের তথ্যমতে, হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তাঁর ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবাকে (২২) গ্রেফতার করা হয়।
এমবি





