আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ব্র্যান্ড হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ব্র্যান্ডের পণ্য যেভাবে মানুষ মূল্যায়ন করে, তেমনি জাতীয় পার্টির নেতাকর্মীরাও দেশবাসীর কাছে আদর্শ নেতা হিসেবে বিবেচিত হবেন। জাতীয় পার্টি দেশবাসীর সামনে একটি দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের নবনিযুক্ত উপদেষ্টা নাজনীন সুলতানা উত্তরার বাসভবনে গিয়ে জিএম কাদের’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ উপলক্ষে এক সভায় সাবেক সরকারি কর্মকর্তা নাজনীন সুলতানাকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বক্তব্য দেন।

সংসদের বিরোধীদলীয় এই উপনেতা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে উন্নয়ন, সুশাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। তাই, দেশের মানুষ জাতীয় পার্টির ওপর ভরসা রাখতে চায়।

জাতীয় পার্টিকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দলকে আরো সংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এমবি