বুধবার (২৯ এপ্রিল) রাতে জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের সদস্য (রুকন) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলকে যারা আজ গুপ্তকলে অপপ্রচার চালাচ্ছে, অথচ তারা দেশেই ছিল না। তাদের মধ্যে যেই কয়েকজন নেতা দেশে ছিল, তাদেরকেও রাজপথে খুঁজে পাওয়া যায়নি। নিজেরা বিদেশে পালিয়ে গিয়েছে। যখন জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে আধিপত্যবাদ-ফ্যাসিবাদ বিতাড়িত করেছে, ঠিক তখন তারা একে একে দেশে আসতে শুরু করে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ৭ আগস্ট বিএনপি নির্বাচন দাবি করে -তারা প্রমাণ করেছে দেশের প্রতি, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।
তিনি বলেন, একদল সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র-জনতা জুলাই বিপ্লব অর্জন করেনি; জুলাই বিপ্লব অর্জিত হয়েছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে এক ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরু করতে জনগণ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করে জুলাই সনদের বৈধতা দিয়েছে। গণভোটের জনরায় মেনে নিতেই হবে, এর কোনো বিকল্প নেই।
তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ যাতে পেশিশক্তি, অস্ত্রের শক্তি দেখিয়ে কেন্দ্র দখল, ভোট চুরি এবং ফলাফল কারচুপি করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। জনগণকে সজাগ ও সচেতন করতে হবে। ভোট জনগণের আমানত। এই আমানত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল উত্তর থানা আমির এস এম শামছুল বারী, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো. সারোয়ারসহ মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এনএইচ