নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তের অপমানের বিষয়ে বিএনপির নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করেন। এজন্য মোসাদের সঙ্গেও হাত মেলান। কিন্তু শিক্ষকের অপমানে কথা বলেন না।

শুক্রবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় নাসিম এ ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে সমস্ত সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুন্ন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমি বিশ্বাস করি, এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ আমি সংসদ সদস্য। এ ধরনের আচরণ একজন সংসদ সদস্য করলে আমি লজ্জা পাই। নিজেকে ছোট মনে করি, অপরাধবোধে ভুগি।'

সেলিম ওসমানের উদ্দেশে নাসিম বলেন, 'আপনি একজন সংসদ সদস্য। কিন্তু এমপির মর্যাদা কীভাবে রাখতে হয়, আপনি জানেন না। আপনি আঙুল দেখিয়ে বললেন ক্ষমা চাইবেন না- এটা হতে পারে? এত বড় দম্ভোক্তি ভালো না।'

তিনি বলেন, সেই শিক্ষক যদি অন্যায় করেই থাকেন তাহলে তাকে আইনের হাতে তুলে দিতেন। আপনি একজনআইন প্রণেতা হয়ে আইন নিজের হাতে তুলে নিলেন কি করে?

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আপনি (সেলিম) বিচার করার কে? আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একজন সংসদ সদস্য প্রকাশ্যে যে কাজটি করেছেন, এটা ক্ষমাহীন অপরাধ।'

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের বক্তব্য রাখেন- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

এমবি