বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ক্ষমতাসীন এই অবৈধ স্বৈরাচার একদলীয় বাকশাল নতুন কায়দায় চালূ করার জন্যই একের পর এক নীতিমালা ও আইনের বাধার দেয়াল তৈরী করে নিজেদেরকে সুরক্ষা করতে চাচ্ছে।

শুক্রবার বিকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিজেদের স্বার্থে, বিরোধী দলকে দমন-পীড়ণ করতে, ভোট ডাকাতি করতে, বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, নির্যাতনে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করায় বর্তমানে সর্বক্ষেত্রে ঐ বাহিনী চাঁদাবাজী, মুক্তিপণ আদায় ও চুক্তির মাধ্যমে গুম, খুন ও নির্যাতন করার এক নজীরবিহীন রোল মডেল সৃষ্টি করেছে।

রিজভী অভিযোগ করে বলেন, নিজেদের দলীয় ক্যাডারদের দিয়ে বাছাইকৃত আইন শৃঙ্খলা বাহিনীর অফিসাররা এখনও সেই নারকীয় প্রাণহরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

ঢাকা মহানগরী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের রামপুরা থানার ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজিব হোসেনকে ডিবি পুলিশ আটকের পর তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত বুধবার গভীর রাতে হাতিরঝিল এলাকায় বন্দুক যুদ্ধের নামে কাহিনী তৈরী করে নির্মমভাবে গুলি করে হত্যা করে তাকে।

একইভাবে গত ৫ আগষ্ট ২০১৪, ফেনী জেলাধীন সদর উপজেলা বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।

বিএনপির এই নেতা বলেন, এই অবৈধ সরকার অনির্বাচিত এবং বিরোধী দলের রক্তে তাদের হাত রঞ্জিত করেছে। এরা দেশব্যাপী জনগণের আর্তনাদ ও হাহাকার সৃষ্টি করে রাখতেই ভালবাসে। দেশজুড়ে চলছে এখন ভয়াবহ দুর্দিন। নদী, নালা, পথ, ঘাট সর্বত্রই শুধু লাশের মিছিল। স্বজন হারানোর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। প্রতিদিন সড়ক, রেল, নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানী ঘটছে। অথচ সরকারের মন্ত্রীদের জবাবদিহীতা দুরে থাক তারা এগুলোর বিষয়ে নির্বিকার।

তিনি বলেন, স্বৈরাচারের সকল বাধার প্রাচীরকে ভেঙ্গে ফেলে ফ্যাসিষ্ট নির্যাতনকে উচ্ছেদ করতে জনগণের দুরন্ত দুর্নিবার দুর্বার আন্দোলনে এখন সবাই ঐক্যবদ্ধ।

অবিরাম,অফুরন্ত প্রাণের আবেগে উদ্বেলিত মিছিলে মিছিলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে। কারণ ফ্যাসিবাদ সম্পূর্ণরুপে ব্যক্তিস্বাতন্ত্র্য, মানবসাম্য ও গণতন্ত্রের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।

ঢাকা, এমএইচ, ০৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম