নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি কারো কাছেই গণতন্ত্র নিরাপদ নয়। কাওরান বাজারে ট্রেনে কেটে ৪টি লাশ পড়ে গেল এর দায়দায়িত্ব কে নেবে? এর বেশকিছুদিন আগে সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপার্সনের এক জনসভায় ট্রেনে কেটে ৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। সেই দায়িত্বও কেউ বহন করেনি। তাহলে কেন আমরা আ’লীগ ও বিএনপির প্রশংসা করব।

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সহযোগী প্রতিষ্ঠান আরএনএস’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত গণতন্ত্র গণমাধ্যম ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, সম্প্রচার নীতিমালা আমি সমর্থন করি না। আপনারা পড়ে দেখবেন সেখানে জনগণের কোন কথা বলা হয়নি। জনগণের কন্ঠ চেপে ধরার জন্য আইন করা হয়েছে। এখানে র‌্যাবের বিরুদ্ধে এবং বিদেশী রাষ্ট্রের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না উল্লেখ করা হয়েছে।

কিন্তু নারায়নগঞ্জের ৭ মার্ডার কারা করেছে? আপনারা নিশ্চয় বলবেন র‌্যাব করেছে। আমি র‌্যাবকে কিভাবে পুলিশ বলবো? যারা গাজায় মুসলমানদের উপর নৃশংসভাবে হামলা চালালো আর তাদের যারা সহায়তা করল আমেরিকা-ইউরোপীয় ইউনিয়ন তাদের বিরুদ্ধে কি কথা বলতে পারবো না?

এ ধরনের সম্প্রচার নীতিমালা কোনভাবেই গণতন্ত্র সমর্থন করে না। এর বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সোচ্চার হওয়া উচিত। এভাবে গণতন্ত্র চলতে পারে না। গত ৫ জানুয়ারির নির্বাচন কিভাবে হয়েছে গোটা জাতি দেখেছে। এটা কি ধরনের গণতন্ত্র আর কিসের নির্বাচন।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, আমরা মহাজোটে থাকলেও গত ৫ জানুয়ারির নির্বাচন সবদলের অংশগ্রহণে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হোক এটাই চেয়েছিলাম। কিন্তু তা যখন হয়নি গণতন্ত্র রক্ষায় মহাজোট নির্বাচন করে সরকার গঠন করেছে। ইতিমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারসহ দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কিছু অঘটনও ইতিমধ্যে দেশে ঘটেছে। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।

আরএনএস’র ব্যবস্থাপনা পরিচালক আহাম্মাদুল বারী বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চারণ কবি আবু বক্কর ছিদ্দিক, আরজেএফ’র যুগ্ম মহাসচিব মোঃ আল আমিন শাওন, দৈনিক ফরিদপুর ইদানিং এর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ফরিদপুর জেলা আরজেএফ’র সহ সভাপতি এম.এ আজিজ, সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলম শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, মানবাধিকার বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার দাস, অভিনেত্রী শাহনাজ পারভীন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক, পালেরচর ইউপি সদস্য হাজী জুলহাস রাড়ী, সাংবাদিক রোমান আকন্দ প্রমুখ।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ