বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় বাঙালি ইতিহাসে একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। এরকম রায় যে এই সরকারের আমলে আসতে পারে তা আমরা কল্পনাও করিনি। কারণ, এদেশে এখন কোনো গণতন্ত্র ও সংসদের কার্যক্রম নেই।

আজ শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এলডিপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় দলটির সহ-সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি খায়রুল কবির পাঠান, কামাল উদ্দীন মোস্তফা, আব্দুল করিম আব্বাসী, আবু ইউসুফ খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম।

নিজেদের অপরাধ ঢাকতেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রায় নিয়ে এত মাতামাতি করছে বলে মন্তব্য করেন অলি।

তিনি বলেন, আওয়ামী লীগ যে বিচার ব্যবস্থার ওপর আঘাত হেনে একটি কালো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তা তারা ভাবছে না। কিন্তু আওয়ামী লীগ যুবকদের দিয়ে খারাপ কাজে লিপ্ত করাচ্ছে। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ বিচারকদের মারার উদ্দেশ্যে হাইকোর্টে লাঠিসোটা নিয়ে প্রবেশ করেছে। প্রধান বিচারপতির দরজায় লাথিয়ে মারার ইতিহাস রয়েছে।

দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে তিনি দেশের সব রাজনৈতিক দল ও সামর্থবানদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

তিনি বলেন, যারা ঢাকায় বসে মদ খেয়ে আনন্দ করেন-এটা না করে এই টাকা বন্যায় আক্রান্ত এলাকার গভীর মানুষের জন্য দান করুন।

অলি আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই তারা বিনা ভোটে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। একারণে এসব মন্ত্রী-এমপিদের বন্যার্তদের পাশে দেখা যাচ্ছে না।

এমবি