বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার যত নির্যাতন চালাবে প্রতিরোধও তত শক্ত হবে। আন্দোলন ততো জোড়ালো হবে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘র্যা ব ও পুলিশ হেফাজতে মানুষ হত্যা: বিপর্যস্ত মানবতা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গোল টেবিল আলোচনায় রফিকুল ইসলাম মিয়া বলেন, পুলিশ ও র্যা বকে অপব্যবহার করে বর্তমান সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। টিকে থাকার চেষ্টা করছে। পুলিশ একাত্তরের পাক হানাদার বাহিনীর মতো মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে।

ঈদের পর ২০দলীয় জোটের কর্মসূচি সম্পর্কে ব্যারিস্টার রফিক বলেন, শুধু কথায় নয়, কাজেও আন্দোলন সফল করতে হবে। এজন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকার আহবান জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, আইয়ুব খানের প্রেতাত্মা শেখ হাসিনার ওপরে ভর করেছে। আইয়ুব খানের মতো-ই কথা বলছেন তিনি। ‘বিএনপির মাজা ভেঙে গেছে’ জাতীয় কথা তারই বহিঃপ্রকাশ।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে দুদু বলেন, ‘জনগণ আপনাদের মত ফ্যাসিবাদী অগণতান্ত্রিক সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। আপনারা যেভাবে বিদায় নিতে চান জনগণ সেভাবেই বিদায় করবে।’

জাতীয় মানবাধিকার পরিষদের উপদেষ্টা মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, স্বাধীনতা ফোরামের আবু নাসের মো. রহমত উল্ল্যাহ প্রমুখ।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর