১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রজন্ম সংসদ নামের এক সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন প্রজন্ম সংসদের সভাপতি ও সাবেক ছাত্রনেতা এএনএম ওয়ালীউর রহমান মোল্লা।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা ফ্রন্টের মহাসচিব মুক্তিযোদ্ধা মাহাবুব আলম চৌধুরী, গোলাম মোস্তফা, অধ্যাপক নিখিল চন্দ্র পাল প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী ‘ভুয়া জন্মদিন’ পালন করে আনন্দ উল্লাস করেন।
বক্তারা বলেন, বিএনপি নেত্রীর এমন ‘ভুয়া জন্মদিন’ পালন করায় বাংলাদেশসহ সারাবিশ্বে হাস্যরসের সৃষ্টি হয়েছে। জাতীয় শোক দিবসে ‘ভুয়া জন্মদিন’ পালন করার ফলে তিনি এখন ধিক্কারের পাত্র হিসেবে বিবেচিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা খালেদা জিয়াকে ‘ভুয়া জন্মদিন’ পালন থেকে বিরত থাকার আহ্বানও জানান।
ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





