বিএনপিতে কর্মীর চেয়ে নেতা বেশি এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন এজন্য রাজপথ দখলে কর্মী পাওয়া যায় না।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একে খন্দকারকে ১৯৭১: ভেতরে বাইরে বইটিতে সত্য লেখায় ফাঁসি দিতে হয় তাহলে ইতিহাসকে ফাঁসি দিতে হবে। কারণ শেখ মুজিব 'জয় পাকিস্তান' বলেছিলেন। এটা সত্য কথা। তিনি সে সময় পাকিস্তানের নাগরিক ছিলেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।
তিনি বলেন, যারা শেখ হাসিনাকে খুশী করার জন্য জিয়া পরিবারকে গালিগালাজ করেন ভবিষ্যতে তাদের ফাঁসিই যথেষ্ট হবে না। আওয়ামী লীগের উপর মানুষ কতটা ক্ষুব্ধ তা বুঝা যেত তাদের যদি খোলা মাঠে পাওয়া যেত। তেমনি আমাদের উপরও জনগণ খুশী নন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। কারণ এ দেশের ১৬ কোটি মানুষ জিয়া পরিবারের সদস্য। আমাদের নিজেদের কর্মকাণ্ডে জিয়া পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাই। জিয়াউর রহমান কাজ করতেন বেশি কথা বলতেন কম। আমাদের বেলায় উল্টো।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, বেগম জিয়ার নেতৃত্বে আন্দোলন করতে হবে। ত্যাগের মধ্যে শর্ত থাকলে ইতিহাসে স্থান পায় না। যে কোন ত্যাগ করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। ত্যাগে হিসাব নিকাশ করলে বাস্তবতা পিছিয়ে পড়বে। তবে হতাশ হওয়ার কিছু নেই।
আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বরিশাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান কুদ্দুস, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।
ঢাকা, এমএইচ, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





